Showing posts with label ব্রেলভী সম্প্রদায় : উপমহাদেশের একটি ভ্রান্ত ফেরকা. Show all posts
Showing posts with label ব্রেলভী সম্প্রদায় : উপমহাদেশের একটি ভ্রান্ত ফেরকা. Show all posts

Friday, March 24, 2017

ব্রেলভী সম্প্রদায় : উপমহাদেশের একটি ভ্রান্ত ফেরকা

ব্রেলভী সম্প্রদায় : উপমহাদেশের একটি ভ্রান্ত ফেরকা

 সংকলনঃ ইমতিয়াজুদ্দিন বিন রইসুদ্দিন

বহু বাতিল ফেরকার জন্মভূমি এই ভারত উপমহাদেশ। বিশেষ করে ছূফীবাদী মরমীবাদী চিন্তাধারার ফেরকাগুলো এখানকার আর্দ্র জলবায়ুতে আর্দ্র জনমানুষের মননে এক উর্বর ক্ষেত্র পেয়েছে। এসব ফেরকাগুলোর মধ্যে যে কয়েকটি মতবাদ বিশেষ প্রভাব বিস্তার করেছে উপমহাদেশের মানুষের মধ্যে, তার একটি হল ব্রেলভী মতবাদ। বাংলাদেশে তেমন শোনা না গেলেও পাকিস্তান ও ভারতে ব্রেলভী-দেওবন্দী দ্বন্দ্ব ও সংঘর্ষের ইতিহাস শতবর্ষের পুরনো। ১৯৯০-২০০০-এর মধ্যে মসজিদ দখল নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ২০০১ সালে ব্রেলভী সংগঠন ‘সুন্নী তাহরীকে’র নেতা সালীম কাদরী দেওবন্দী সমর্থিত সিপাহ-ই-ছাহাবা নামক একটি গ্রুপের হাতে নিহত হন। ২০০৬ সালে করাচীতে ঈদে মিলাদুন্নবী উদযাপনকালে ব্রেলভীদের সমাবেশে ভয়াবহ বোমা বিস্ফোরণে তাদের কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ব্রেলভীদের ৫৭ জন নিহত হয়। ব্রেলভী মতবাদের জন্ম ১৮৮০ সালে ভারতের উত্তর প্রদেশের রায়বেরেলীতে, আহমাদ রেযা খান (১৮৫৬-১৯২১খৃ:)-এর হাতে। হানাফী মতাবলম্বী এবং ছূফীবাদে বিশ্বাসী এই ফেরকাটির জন্মই ঘটেছে উপমহাদেশে সংস্কারপন্থীদের হাত থেকে সনাতন ছূফীবাদী, মরমীবাদী আক্বীদা-আমলকে সুরক্ষা দেওয়ার জন্য। ব্রিটিশ আমলে ‘আশেকে রাসূল’ নামে এই মতবাদটি সমধিক পরিচিত লাভ করেছিল। অবশ্য দলটির চিন্তাধারা পূর্বসূরী ছূফী নামধারী শিরক ও বিদ‘আতী ফেরকাগুলো থেকে ভিন্ন কিছু নয়। নিম্নে এই ভ্রান্ত ফেরকাটির পরিচিতি ও আক্বীদা-আমল সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হল।
নামকরণ : 
ব্রেলভী মতবাদের অনুসারীদের কাছে এ দলের নাম ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’। নিজেদেরকে তারা সুন্নী ইসলামের অনুসারী প্রমাণ করার জন্য এ নাম ব্যবহার করে। তবে অন্যদের কাছে দলটি ‘ব্রেলভী’ নামেই সমধিক পরিচিত; এ মতবাদের প্রবর্তক আহমাদ রেযা খানের জন্মভূমি রায়বেরেলীর নামানুসারে। এদের বর্তমান নেতা আন-নাওয়ারীর নামানুসারে এদেরকে জামা‘আতে নাওয়ারীও বলা হয়।